নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন শফিকুর রহমান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।
১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন মুহম্মদ শফিকুর রহমান। তাঁর বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।
তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন শফিকুর রহমান। ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭০ সালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন শফিকুর রহমান। স্বাধীনতার পর পত্রিকাটিতে যোগ দিয়ে দীর্ঘ ৩২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে অবসর নেওয়ার পর স্বাধীন কলামিস্ট হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন তিনি। সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান, জার্মানি ও যুক্তরাজ্যে পড়াশোনা করেন।
তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার দায়িত্ব পালন করেন। এছাড়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির চেয়ারম্যান ও প্রধান সম্পাদক এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মুহম্মদ শফিকুর রহমান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।
জেবি