Dhaka Mail Logo

জাতীয়

৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ এএম

রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. লিজন জানান, ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

রাজধানীতে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেফতার

লিজন আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত ইমরান মগবাজার এলাকায় একটি টেইলার্সে কারিগর হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আহত ইমরানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এসআই