Dhaka Mail Logo

জাতীয়

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

আব্দুল হালিম ওই উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সুতারকান্দি গ্রামের বিউটি বেগমের ছেলে। তিনি বিএআরসির সহকারী পরিচালক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্যাহ। 

সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রশ্নফাঁসের মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় রাতে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

গ্রেফতারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, একই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, সনদপত্র, ব্যাংকের চেক, স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল। এতে আবেদন করেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করা হয়।

এমআইকে/এসআই