নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় গত নয় মাসে ২৬০ জনের মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় মাসে দেশে ১৯৮টি গণপিটুনির ঘটনায় ৪০১ জন আহত হয়েছেন। এ ছাড়া ১ হাজার ১৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। এসব রাজনৈতিক সংঘাতের ৯১ শতাংশই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষের কারণে ঘটেছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে শক্তিশালী সরকার, আইন-আদালতের প্রতি মানুষের আস্থা এবং আইনের যথাযথ প্রয়োগ থাকলে এত বিপুলসংখ্যক মানুষকে প্রাণ হারাতে হতো না। গত নয় মাসের অধিকাংশ সময় বিএনপি ক্ষমতায় থাকলেও দায়িত্ব গ্রহণের সাত মাস পেরিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারা সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, ‘বিভিন্ন ব্যর্থতা ও অসদাচরণের দায়ে সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের পদত্যাগ করা কিংবা পদত্যাগে বাধ্য করার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা ইতিবাচক। এ ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি, মাওলানা মানসুর আহমাদ সাকি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, মাওলানা খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ মারুফ ও অধ্যাপক নাসির উদ্দিন।
এম/এএম