Dhaka Mail Logo

জাতীয়

ঢামেকের নতুন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলার ফ্লোরের পাশ থেকে অজ্ঞাত এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন জানান, দুপুরের দিকে নতুন ভবনের নিচতলার ফ্লোরের পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকেও জানানো হয়েছে।

এমএমআর/এসআই