Dhaka Mail Logo

জাতীয়

ভোটার নিবন্ধনে জালিয়াতির দায়ে চাকরিচ্যুত ইসি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যে ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছেন।

আদেশে বলা হয়েছে, তিনি মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেন এবং ফরমে মিথ্যা তথ্য-উপাত্ত সন্নিবেশ করে নিবন্ধনের চেষ্টা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র উইংয়ের পরিদর্শন দল ২০১৫ সালের ২৭ জানুয়ারি অনুসন্ধান চালিয়ে ওই কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পায়। পরে তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

অভিযোগের পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে নির্বাচন কমিশন তাকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার পরামর্শ দেয়। পরে সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে রাষ্ট্রপতি গত ১১ অক্টোবর তারিখে প্রস্তাবটি অনুমোদন করেন।

এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

এমএইচএইচ/এসআই