নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
কাতারে গ্রেফতার হলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। বাংলাদেশে হওয়া দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে কাতার পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) ইন্টারপোল মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গত ১৫ অক্টোবর গ্রেফতার হয়েছেন শেখ আব্দুল হান্নান।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
এ ঘটনায় হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।
এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে সহায়তা করার অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয় এবং আব্দুল হান্নান গ্রেফতার হলেন। যদিও এই গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এএইচ