Dhaka Mail Logo

জাতীয়

৬ চোর গ্রেফতার: চুরি হওয়া মোটরসাইকেল চলে যেতো কুমিল্লা ও নোয়াখালীতে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

রাজধানীতে বিশেষ কায়দায় কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লক ভাঙার দুটি লোহার চাবি ও চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

চুরি করার পর মোটরসাইকেলগুলো পাঠানো হতো কুমিল্লা ও নোয়াখালীতে। সেখানে থাকা চক্রের সদস্যরা সেগুলো সময়-সুযোগ বুঝে বিক্রি করতেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। 

তিনি জানান, গত ২ অক্টোবর বিকেলে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। 

পরে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আসে। এরই ধারাবাহিকতায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে থেকে আমির ফয়সাল ওরফে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ফয়সাল ও সৌরভকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুমকে গ্রেফতার করা হয়। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

motorcycle

চুরি হওয়া মোটরসাইকেল যেতো কুমিল্লা ও নোয়াখালীতে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল ও রাব্বি ডিবিকে জানিয়েছে, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লার লাকসামের ফয়সাল, সৌরভ ও নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতো।

১৫ মামলার আসামিও চক্রে

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা এবং আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে সাতটি চুরির মামলা রয়েছে। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা এবং রাফির বিরুদ্ধে দুটি মামলার পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এসআই