নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ এএম
বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক জোরদারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’ (সিএফএম)-এর বৈঠকের সাইডলাইনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইরাক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হোসেন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুটির আওতায় কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি প্রদান এবং উভয় দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ (পলিটিক্যাল কনসালটেশন) গ্রহণের একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে দুই দেশের মন্ত্রীরা উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইরাকের দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকগুলো দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি প্রদান করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।
এএম