বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে (ওআইসি) আরও শক্তিশালী, গতিশীল ও আধুনিকায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (১৬ অক্টোবর) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের (সিএফএম) ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যখন বিশ্বশান্তি, স্থায়িত্ব ও সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করছে, ঠিক সেই মুহূর্তে অনুষ্ঠিত এই সিএফএম অধিবেশনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার বক্তব্যে বিশেষ করে রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরেন। রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমার কর্তৃপক্ষের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়সহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে সক্রিয় থাকার জোর তাগিদ দেন তিনি।
তিনি স্পষ্ট করেন যে, এই সংকট নিরসনে মুসলিম উম্মাহকে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে নিরবচ্ছিন্ন আলোচনার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর ইসরায়েলি সহিংসতার অবসান ঘটানো এবং ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানান।
বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসএইচ/এএম




