Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে দুর্বৃত্তের গুলিতে আহত বাবা-ছেলে 

১৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ এএম

রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতের চাঁদার টাকা আদায় নিয়ে বিরোধের জেরে বাবাকে গুলি ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতরা হলেন ফুটপাতে কাঁচামালের ব্যবসায়ী মো. সুমন আলী (৪৫) ও তার ছেলে মো. ফাহিম (২৫)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে গেলে ভর্তি দেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

আহতদের হাসপাতালে নিয়ে আসা নিকট আত্মীয় মনির জাহান, আজ বেশ কয়েকদিন যাবত ফুটপাথ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুর্বৃত্তদের সাথে কয়েকজন ব্যবসায়ীর বিরোধ ছিল। এ ঘটনায় আজ রাত সাড়ে আটটার দিকে চাঁদা আদায়ের টাকার পরিমাণ বাড়িয়ে দিতে বলা হলে তারা রাজি হননি। 

এ ঘটনার জেরে ফুটপাতের সবজি ব্যবসায়ী বাবাকে পায়ে গুলি করে এবং তার ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে। পরে আমরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আহত সুমন মিয়া ও তার ছেলের বাড়ি মুন্সিগঞ্জ সাগরের দিঘীরপাড় এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন লোকজন জানান, আজ রাতের দিকে চাঁদার দাবিতে দাবিতে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাঙের সদস্য কাঁচামালের দোকানে প্রবেশ করে। চাঁদা না পেয়ে মুন্না, জাউরা রাব্বি, ইয়ামিনসহ অজ্ঞাত ৫/৬ জন সুমনের পায়ে গুলি করে এবং তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতের দিকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় এবং অপরজনকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় জরুরী বিভাগের নিয়ে এলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করেছি ।

এমএমআর/এআরএম