অনিয়মের দায়ে রাজধানীর গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পরিলক্ষিত হয়।
আরও পড়ুন: ইসির ৩১ কর্মকর্তা পেলেন পঞ্চম গ্রেড
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ জানান, এ অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অবিলম্বে আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল।
এসএইচ/এআরএম




