Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় সড়ক ছেড়েছেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন পোশাকশ্রমিকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এর আগে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অফিসগামী ও দূরপাল্লার যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বিমানবন্দর-উত্তরা সড়কে যান চলাচল ব্যাহত হয়।

UB

টানা চতুর্থ দিনের মতো এদিন আন্দোলনে নামেন শ্রমিকরা। তাদের দাবি, নিত্যপণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমানে বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তারা।

সড়ক অবরোধের কারণে সকাল থেকেই ওই এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিশেষ করে দূরপাল্লার বাস ও অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগের দিন বুধবারও বিমানবন্দর থেকে উত্তরার জসীমউদ্‌দীন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শতাধিক পোশাকশ্রমিক। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা দেড়টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Protest

ওই দিন শ্রমিকরা জানিয়েছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বৃহস্পতিবার আবারও সড়কে নামার ঘোষণাও দিয়েছিলেন তারা।

কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফের সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তবে দুপুরে কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন তারা। পরবর্তী কর্মসূচির বিষয়ে নতুন কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।

এমএইচ/এফএ