Dhaka Mail Logo

জাতীয়

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নোবেল জয়ী অধ্যাপক ও সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’

ড. ইউনূসের ওপর হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেররিস্টরাই করতে পারে।’

H
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা বর্তমান সরকার ‘হালকাভাবে নেয়নি’ এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হুইল চেয়ারে বসে থাকা ড. ইউনূসকে হেনস্তা করেন দেশটিতে অবস্থানরত পতিত আওয়ামী লীগের কিছু অনুসারী। যার একাধিক ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

এছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় ঘটনাস্থল থেকে বেরিয়ে যান ড. ইউনূস।

এ ঘটনায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এককভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমানও। এছাড়া ফেসবুকে বহু মানুষ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

এএইচ