Dhaka Mail Logo

জাতীয়

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী সব ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুতিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিয়াদে বিমানবন্দরের পরিস্থিতি দেখে মাঝপথে ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটি আবারো ঢাকায় ফিরে এসেছে।

এদিকে শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন বাংলাদেশি  ছাড়াও মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদির তিন নাগরিক নিহত হন।

হুতিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই বিমানের পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুতিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। 

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এমন বড় হামলা হয়েছে।

এফএ