নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম
যুক্তরাজ্যের লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জানাজা হয়।
এতে তার সাবেক সহকর্মী, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও পরিবারের সদস্যরা অংশ নেন।
এর আগে, মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁর কফিন রাখা হলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শুভানুধ্যায়ীরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার তার মরদেহ দেশে পৌঁছাবে।
ওইদিন দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।
পরে গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইমরোজ খালিদী দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। দীর্ঘ দুই দশক তিনি দেশের অনলাইন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় ব্যবস্থাপনায় কাজ করেন।
পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা পেশায় তিনি সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে আন্তর্জাতিক বিষয়, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন ও অনুষ্ঠান নির্মাণে যুক্ত ছিলেন।
তিনি ঢাকা ও লন্ডনের পাশাপাশি প্যারিস ও টোকিওর বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তৌফিক ইমরোজ খালিদী জাতীয় আইসিটি পুরস্কারে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ অর্জন করেন।
এএম