শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিডিনিউজ প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।’

জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে আজ মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্য হয়।

বিডিনিউজ জানায়, তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।

তৌফিক ইমরোজ খালিদী দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। দীর্ঘ দুই দশক তিনি দেশের অনলাইন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় ব্যবস্থাপনায় কাজ করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর