Dhaka Mail Logo

জাতীয়

পল্লবীতে ওষুধের দোকান মালিককে কুপিয়ে আহত, যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম

রাজধানীর পল্লবীতে ওষুধের দোকানে ঢুকে হামলা ও মালিককে কুপিয়ে আহত করার ঘটনায় হারুন (২৭) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একটি সূত্র মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।

আটক হারুনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুল হক বেপারীর ছেলে। ঢাকার পল্লবীর আদর্শ নগরের ১ নম্বর লাইনে আক্কাশ মাতবরের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

গত ১ অক্টোবর মিরপুরের পল্লবীর ২২ তলা গার্মেন্টসের পেছনে লাভলির স্পটের সামনে একটি ওষুধের দোকানে ঢুকে কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের মালিককে অস্ত্রের ভয় দেখিয়ে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে আনেন। পরে তাঁকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার আটদিন পর হামলার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এরপর ডিবির পল্লবী জোনাল টিমের সদস্যরা অভিযানে নামে। মঙ্গলবার বিকেলে ওই দলের একজনকে আটক করা হয়।

রাজধানীর পল্লবীতে ওষুধের দোকানে ঢুকে হামলা ও মালিককে কুপিয়ে আহত করার সিসিটিভি ফুটেজ। ছবি- ভিডিও থেকে নেওয়া
রাজধানীর পল্লবীতে ওষুধের দোকানে ঢুকে হামলা ও মালিককে কুপিয়ে আহত করার সিসিটিভি ফুটেজ। ছবি- ভিডিও থেকে নেওয়া

ডিবির সূত্র বলছে, চাঁদার দাবিতে মামুন-মশিউর গ্রুপের সদস্যরা ওই ওষুধের দোকানে হামলা ও তাণ্ডব চালান। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিরা পলাতক রয়েছেন।

তবে এ ঘটনায় ওষুধের দোকানের মালিক এখনো থানায় কোনো মামলা করেননি।

এমআইকে/এএম