রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ, হত্যার হুমকি এবং তাঁর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে ডিআরইউ’র শীর্ষ নেতারা বলেন, ‘একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি তৈরি করে।’
সাংবাদিক কামরুজ্জামান বাবলুর অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ডিআরইউ নেতারা বলেন, ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে ব্যাংক লেনদেনের তথ্য, এটিএম বুথের সিসিটিভি ফুটেজ, মোবাইল আর্থিক সেবার লেনদেনের বিবরণ, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট সব তথ্য গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনার আহ্বান জানান তারা।
ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
এম/এএম




