০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গ্রামে। তার বাবার নাম শচীন বর্মা। বর্তমানে তিনি পল্টন এলাকায় একটি মেসে থাকতেন।
নিহতের ভাই অনিক বর্মা জানান, পল্টন এলাকার এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামের একটি দোকানের ভেতরে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। এ সময় হঠাৎ এসি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এআরএম