মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘প্রধান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক হতে হবে ভারসাম্য-স্বচ্ছতার ভিত্তিতে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

‘প্রধান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক হতে হবে ভারসাম্য-স্বচ্ছতার ভিত্তিতে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির / ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্য ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং এ ক্ষেত্রে তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট স্বতন্ত্র সুযোগ ও চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় রাখা প্রয়োজন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে, যা নীতি-আদর্শ ও বাস্তবসম্মত হওয়ার পাশাপাশি দৃঢ়ভাবে জাতীয় স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার তীব্রতা, পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক ঝুঁকি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আন্তঃসীমান্ত হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়। বরং সার্বভৌমত্ব রক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে অংশীদারিত্ব সম্প্রসারণের পাশাপাশি কূটনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখাই এর লক্ষ্য।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার তীব্রতা, পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক ঝুঁকি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আন্তঃসীমান্ত হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, বৃহত্তর অর্থনৈতিক সংহতি এবং সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে আত্মবিশ্বাসী কিন্তু সঙ্ঘাতপূর্ণ নয়, উন্মুক্ত অথচ পরনির্ভরশীল নয় এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস না করে বাস্তবসম্মত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর