নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) দূতাবাসের এক ক্ষুদেবার্তায় এ কথা জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তথ্য গোপন, বিভ্রান্তিকর তথ্য বা জাল নথি ব্যবহার করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। গুরুতর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা বা প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞাও হতে পারে।
দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের আগের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে করা প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা পেতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন বা প্রতারণার আশ্রয় নিলে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৬)(সি)(আই) ধারায় আবেদনকারী ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। এ ধরনের অযোগ্যতা প্রতিবার ভিসার আবেদন করার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে আইন অনুযায়ী ছাড়ের সুযোগ থাকতে পারে।
ভিসার আবেদনপত্রেও একই ধরনের সতর্কতা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিএস-১৬০ ফরম-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আবেদনপত্রে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে ভিসা স্থায়ীভাবে প্রত্যাখ্যান বা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্যতা তৈরি হতে পারে। সাক্ষাৎকারের সময়ও আবেদনকারীকে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়।
তবে ভিসা প্রত্যাখ্যানের সব কারণ স্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেমন ২১৪(বি) ধারায় ভিসা প্রত্যাখ্যান হলে সেটি ওই নির্দিষ্ট আবেদনের জন্য প্রযোজ্য এবং পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে নতুন করে আবেদন করা যায়। অন্যদিকে প্রতারণা বা গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপনের মতো কিছু অযোগ্যতা স্থায়ী হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সত্যভাবে দিতে হবে। কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথি উপস্থাপন থেকে বিরত থাকতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের বাইরে তার সম্পর্ক ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা করেন কনস্যুলার কর্মকর্তারা। প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করা হয়।
ফলে ভিসা পাওয়ার আশায় সাক্ষাৎকারে তথ্য লুকানো বা নিজের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেওয়ার পরিবর্তে আবেদনপত্র ও সাক্ষাৎকারে সঠিক তথ্য দেওয়ার ওপরই জোর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
এসএইচ/এসআই