Dhaka Mail Logo

জাতীয়

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর দল থেকেও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নির্দেশনার পর বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগ কার্যকর হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের কারণ উল্লেখ করেননি।

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্ত হওয়া উচিত। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটাই হবে।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর এসেছে।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।

এআর