জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে একটি খ্রিস্টান চার্চ থেকে ৭০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে পরদিন ঘণ্টাটি একটি ময়লার ভাগাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। গত বুধবার রাতে চুরির এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, বুধবার রাতে চার্চ থেকে ৭০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরি হয়েছিল। এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে জাকির হোসেন রোডস্থ ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা পলি ব্যাগে মোড়ানো চুরি যাওয়া ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরির সঙ্গে জড়িত চোরদের শনাক্তকরণ ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউ (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’-এর ২য় তলার ফাঁকা জায়গায় রক্ষিত প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চার্চের সংশ্লিষ্ট ব্যক্তি একটি মামলা করেন।
জানা গেছে, চোর চার্চের দোতলা থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়। ঘটনার ঠিক আগে বুধবার রাত ১২টা ৩ মিনিটে অজ্ঞাত কারণে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। পরে পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এমআইকে/এসআই