০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত জিসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে খেলার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার জিসানকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।
নিহত শিশুর দূরসম্পর্কের ফুফু রোনা আক্তার জানান, বুধবার দুপুরে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির প্রাইভেটকার জিসানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
রোনা আক্তার আরও জানান, জিসান আগারগাঁওয়ের বিএনপি বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম মো. বাবু। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। তার বাবা একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএম