জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা সফর করবেন।
সফর ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠানস্থলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরামে যাবেন। সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার ও বুধবার বিকেলে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রীও সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফেনী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিকুল্লাহ জানান, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ১ হাজার ১২ জন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাদের মধ্য থেকে ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করবেন।
ফেনী সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে।
তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাদের মধ্য থেকে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন। অন্যদের কার্ডের অর্থ মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতসহ মোট ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে তাদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সফরের নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলো সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
এআরএম