Dhaka Mail Logo

জাতীয়

দুর্গাপূজার ছুটি: বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এই ছুটি ভোগ করতে পারবেন।

তবে শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি কি শুধু সরকারি চাকরিজীবীরাই ভোগ করবেন, নাকি বেসরকারি চাকরিজীবীরাও এ ছুটি পাবেন, এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ও কৌতুহল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আসন্ন মন্ত্রিসভায় এর অনুমোদন নিয়ে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবরের ছুটিটি জাতীয় ছুটি। তাই সবার জন্যই প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনের পর ছুটির সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়, যার মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। অর্থাৎ, পূজা উপলক্ষে মূল ছুটি মুলত তিন দিন।

সরকারি আদেশ অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পরদিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এ ছুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। অন্তর্র্বতী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে তা আরেক দিন বাড়ানো হয়। এবার আরও একদিন বাড়ানো হয়েছে।’

এদিকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় পাঁচ কোটি টাকা বিশেষ আর্থিক অনুদানও দিচ্ছে সরকার। হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বরাবর এ সহায়তার আবেদন করা হয়েছিল। 

এএইচ