Dhaka Mail Logo

জাতীয়

বাণিজ্যমেলা মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

রাজধানীতে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলা মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ককটেল ও পেট্রলবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বস্তু নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রলবোমা সদৃশ কিছু বস্তু পড়ে থাকার তথ্য পায় এসআরবি।

এসআরবি জানায়, তথ্য পাওয়ার পরপরই এসআরবি-২ এর একটি বিশেষ দল এবং বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে থাকা বেশ কিছু বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে।

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতেও একই ধরনের ককটেল ও বোমা সদৃশ বস্তু থাকার তথ্য পাওয়া যায়।

এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে। এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করেছে।

ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে লাইভ, ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের এসআরবি-২ এর স্পেশাল কোম্পানি অধিনায়কের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এমআইকে/এফএ