নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল।
পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটায় গ্যাসের চাপ কমে গেলেও এখন তা ‘দ্রুত সময়ের মধ্যে’ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আবহাওয়া প্রতিকূল থাকার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাস করতে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল। তবে, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।’
এসময় জ্বালানির দামের বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও হ্রাস পেলে দেশে দ্রুততম সময়ে জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।’
এএম