Dhaka Mail Logo

জাতীয়

ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। তবে অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

রাকিবুল হাসান গত কয়েক দিন ডিবি হেফাজতে ছিলেন কি না, জানতে চাইলে ডিবি প্রধান বলেন, তিনি গত কয়েক দিন কোথায় ছিলেন, তা তার জানা নেই।

আরএনবি/এআর