ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান।
রাকিবুল হাসান গত কয়েক দিন ডিবি হেফাজতে ছিলেন কি না, জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তিনি গত কয়েক দিন কোথায় ছিলেন, তা তার জানা নেই।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর রাকিবুল হাসানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একেএস/এআর




