নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
উন্নয়নের অধিকার বাস্তবে রূপ দিতে বিশ্বের সকল দেশের যৌথ অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে 'উন্নয়নের অধিকার' শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালীন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেন।

সর্বজনীন, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়নকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদানকারী 'জাতিসংঘের উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা' র ৪০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারের জনবান্ধব উন্নয়ন কার্যক্রম—বিশেষ করে 'ফ্যামিলি কার্ড' এবং 'কৃষক কার্ড' উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও যুবসমাজের অংশীদারিত্ব এবং কাউকেই পেছনে না ফেলে একটি অন্তর্ভুক্তিভিত্তিক 'রেইনবো নেশন' গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে—একটি ন্যায্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা, টেকসই ও সমতাভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, প্রযুক্তি ও এআই-তে সবার সমান অধিকার এবং উন্নয়নের অধিকারকে সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আনতে একটি আইনগতভাবে বাধ্যবাধকতামূলক রূপরেখা তৈরি করা।
উন্নয়নের অধিকারকে পুনর্ব্যক্ত করতে এবং বিশ্বব্যাপী সমান সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি ও অংশীদাররা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এসএইচ/এআরএম