জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
রাজধানীর হাজারীবাগে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক শিশু আব্দুল্লাহকে নিখোঁজের আট দিন পর টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।
হাজারীবাগ থানা সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর বিকেলো ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।
পরে নিখোঁজ শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও অনুসরণ করে পুলিশ জানতে পারে, শিশুটি একাই বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনাযোগে গুলিস্তান এবং পরে বাসযোগে বিমানবন্দর এলাকায় যায়।
সেখানে পথশিশুদের সঙ্গে খেলাধুলা, পুকুরে গোসল ও বিভিন্ন দোকান থেকে চেয়ে খাবার সংগ্রহ করে সময় কাটায়। পরে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।
হাজারীবাগ থানা সূত্র আরও জানায়, ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে শিশুটির শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় জানা যায়, ঘটনার দিন সকালে পড়াশোনার বিষয়ে তার বাবা শাসন করায় রাগ করে শিশুটি নিজেই বাসা থেকে বের হয়ে যায়।
তদন্তে আরও জানা গেছে, প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না বলে শিশুটি বাসা থেকে বের হয়ে মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এ নিয়ে মোট তিনবার শিশুটি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যায়।
নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা না থাকায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার ঢাকা মেইল নিখোঁজ আব্দুল্লাহকে নিয়ে একটি সংবাদ প্রচার করে। সেই প্রচারের দিনেই তাকে উদ্ধার করে।
এমআইকে/এএম