রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বরের লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তি রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক ভবনে পরিবার নিয়ে থাকতেন। ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন। জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্ত্রী শাহানা জাবিন পুলিশকে জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পাশাপাশি আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে গেলেন এবং কীভাবে তার মৃত্যু হলো তা তারাও বলতে পারছেন না।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, জাভেদ আহম্মেদের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআইকে/এফএ




