২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
রাজধানীর কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কেরানীগঞ্জের হযরতপুর গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন অন্তর সরকার (২৮) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি ও ককটেলের স্প্লিন্টার লেগেছে।
আহত দুজনকে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের ভর্তি করেন। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন অন্তর সরকার জানান, কেরানীগঞ্জে ‘রিতু জুয়েলার্স’ নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি তার বাবা এবং ফুপাতো ভাই রাজিবকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের কাছে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল।
অন্তরের দাবি, তারা অটোরিকশায় ওঠার পর থেকেই একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। পাশাপাশি আরও দুটি মোটরসাইকেল তাদের সামনে অবস্থান নেয়। বিষয়টি তারা প্রথমে বুঝতে পারেননি।
হযরতপুর গরুহাটা এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথরোধ করে। অন্তর বলেন, পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিল এবং বারবার তাদের অবস্থান জানাচ্ছিল।
তিনি আরও বলেন, পথরোধ করার পর দুর্বৃত্তরা আমাদের অটোরিকশা থেকে নামতে বলে। ভয়ে আমরা নেমে গেলে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্তরের পায়ের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
অন্তরের অভিযোগ, পরে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ও হাতে থাকা একটি খাবারের ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ ঘটনায় অন্তর সরকারের ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি ও ককটেলের স্প্লিন্টার লাগে। রাজিব সরকারের বাম পায়ের গোড়ালির ওপরের অংশে স্প্লিন্টারের আঘাত লাগে বলে জানান অন্তর।
অন্তর আরও জানান, তার বাবা ঘটনাস্থলে তাদের সঙ্গে থাকলেও তিনি অক্ষত রয়েছেন। হামলার পর আহত অবস্থায় তারা ওই অটোরিকশায় করেই বাড়িতে যান। পরে পরিবারের সদস্যরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, কেরানীগঞ্জ থেকে গুলি ও ককটেলের আঘাতে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, দুজনই জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এফএ