Dhaka Mail Logo

জাতীয়

বিমানমন্ত্রী মিল্লাতকে আইকাওর অভিনন্দন, সহযোগিতার আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।

গত ১৬ সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিয়ুকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার নতুন দায়িত্ব গ্রহণের জন্য বিমানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

চিঠিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাওর পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

আইকাও’র শীর্ষ দুই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন, নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করা এবং বিমান চলাচল খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মান ও সুপারিশকৃত বিধিমালা প্রণয়ন এবং সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ খাতের উন্নয়নে কাজ করে।

বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ক্ষেত্রে আইকাওর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

চিঠিতে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়েছে।

এমআইকে/এফএ