নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর অনেকেরই বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। বৈঠকে তারা এসব বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। একই সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অক্ষরে অক্ষরে সেভাবেই বাস্তবায়ন করব।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরাসরি অংশ নেন। একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং আরেকটি দলের প্রতিনিধি শেষ মুহূর্তে অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিপূরক প্রস্তাব এলে সেগুলোও পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। তবে নতুন করে পুরনো সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আসা হলে প্রক্রিয়া জটিল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। নতুন কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে কমিটির কাছে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনার কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন।
আরও পড়ুন
জুলাই সনদে নতুন করে কিছু লিখব না, সংশোধন হবে: চিফ হুইপ
জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে: মামুনুল হক
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, সনদে তার প্রতিফলন রয়েছে। এর মধ্যে কিছু বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে এবং কিছু বিষয় আইন, বিধি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য।
জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করে তা নিজেদের নির্বাচনি ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
উচ্চকক্ষ গঠনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে, আবার কেউ মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। এসব বিষয়ও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা চালিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় না—এটা সম্পূর্ণ অসত্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল নিয়ে আসার চেষ্টা করব।
বিশেষ কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও প্রক্রিয়াটি একপাক্ষিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি এমন রাজনৈতিক দলও আলোচনায় অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ রয়েছে।
নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কেউ লিখিত বক্তব্য বা প্রস্তাব দিলে তা কমিটি বিবেচনা করবে বলেও জানান তিনি।
জেবি