জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিশের আমির মামুনুল হক। সেই বিপ্লবে বর্তমান বিএনপি সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নাগরিক সমাবেশটি আয়োজন করা হয়।
মামুনুল হকের অভিযোগ, ‘বর্তমান বিএনপির সরকার এবং সাবেক অন্তর্র্বতী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা জুলাই সদনদের মধ্যে গোপনে একটি ধারা ঢুকিয়ে দিয়েছেন।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই। জুলাই আন্দোলনে বিএনপি অংশীদার হিসেবে ছিল। কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে তারা নানা অজুহাতে সেই গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্ঠা করছে।’
কিন্তু তা কখনো সম্ভব নয় মন্তব্য করে খেলাফত মজলিশের আমির বলেন, ‘প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাতে বিএনপিকে চরম মূল্য দিতে হবে।’
মামুনুল হকের আরও অভিযোগ, ‘বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে তারা মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।’
তিনি বলেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা ও অবহেলার সুযোগ নেই।’
মামুনুল হক সতর্ক করে দেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল, ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দেশছাড়া করবে।’
বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মুফতি আরিফুজ্জামান, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।
এএইচ



