১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লুৎফুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকায় বসবাস করেন। পেশায় তিনি অটোরিকশা চালক।
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন জানান, হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে ইবাদুর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত ৮টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অটোরিকশাচালককে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের ঘটনায় ইবাদুর কীভাবে আহত হয়েছেন এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায়, ককটেল বিস্ফোরণ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘তবে এই মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।’
এদিকে, যাত্রাবাড়ী ছাড়াও এদিন দুপুরে ও সন্ধ্যায় রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে, জুমার নামাজের পর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এমএমআর/এএম