Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন হেলপার

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. নাঈম (২৫) নামে ইউনিক পরিবহনের এক বাস সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়দাবাদের জনপথ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত নাঈম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জাফর হাওলাদারের ছেলে। তিনি ইউনিক পরিবহনের একটি বাসে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে আসা বাসটির সুপারভাইজার জাহিদ জানান, সায়দাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৮০) জনপথ মোড়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত অথবা মাথা ঘুরে নাঈম হঠাৎ চলন্ত বাস থেকে ছিটকে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমনএমআর/এএম