জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ‘চাঁদা না পেয়ে’ রয়েল এ্যাপার্টমেন্ট বিল্ডার্স নামের একটি হাউজিং প্রতিষ্ঠানের অফিসে হামলা চালিয়ে এক কর্মীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই মোহাম্মদপুর থানায় এই ঘটনায় একটি মামলা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
ওসি ঢাকা মেইলকে বলেন, ‘নবীনগর হাউজিং হামলার অভিযোগ পাওয়ার পর আমরা তদন্তে নেমেছি এবং প্রতিষ্ঠানটির একজন কর্মীর উপর হামলা করা হয়েছে সেই প্রমাণ মিলেছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’
জানা গেছে, নগর হাউজিং এলাকায় রয়েল এ্যাপার্টমেন্ট বিল্ডার্সের অফিস রয়েছে। অফিসটির ভেতরে প্রবেশ করে কয়েকজন যুবক। এ সময় তারা প্রতিষ্ঠানটির মালিকের খোঁজ করেন। পরে তারা প্রতিষ্ঠানটির এক কর্মীর উপর সশস্ত্র হামলা চালায়।’
এ ঘটনায় আহত ইমরান নামে প্রতিষ্ঠানটির এক কর্মী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
ইমরান জানান, গ্রুপটি এর আগেও এসে চাঁদা চেয়েছিল। এতে তারা বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু সেদিন এসে তারা মালিককে খোঁজাখুঁজি শুরু করে এবং বলে যায় মালিক যেন ইমরান কাজল নামে এক ব্যক্তি সঙ্গে দ্রুত দেখা করে।
তিনি বলেন, ‘আমার মালিক কাজী ইজহারুল হক সেতুকে খুঁজতে থাকে। তিনি সেই সময় অফিসে না থাকায় আমি তা তাদেরকে জানাই, কিন্তু তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পাশাপাশি তাদের পাঠানো ইমরান কাজলকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়।
‘কিন্তু তারা যাওয়ার সময় তারা তাদের একজনের হাতে থাকা চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়। এসময় কোপটি মাথায় না লেগে বাম হাতের কনুইয়ে লাগে৷ এরপর তারা হুমকি দিয়ে চলে যায়।’
হামলার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন বলেও জানান ইমরান।
এ ব্যাপারে রয়েল এ্যাপার্টমেন্ট বিল্ডার্সের মালিক কাজী ইজহারুল হক সেতু ঢাকা মেইলকে বলেন, ‘আমরা মূলত একটি আমাদের কেনা প্লটে ভবন নির্মাণ করছি কিন্তু প্লট মালিক সমিতির হয়ে ইমরান কাজল নামের এক ব্যক্তি লোকজন পাঠিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্লটে এসব ঘটনার প্রেক্ষিতে আমরা এর আগেও মামলা করেছি। তারা আগেও এমন হুমকি দিয়ে চাঁদা চেয়েছে। সর্বশেষ তারা আমার কর্মীর ওপর হামলা করে বসলো।’
এমআইকে/এএম