রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের ইউটার্নের মাঝখানে আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইল্যান্ডের ওপর ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এআর




