নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।
সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা।
সভায় ১২টি নতুন ও চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫ দক্ষিণ রুট। সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩৩ মেয়াদের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু, রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাতের দুটি প্রকল্প, আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো, নোয়াখালীর ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভোলায় নদীভাঙন রোধের প্রকল্প রয়েছে।
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় সবচেয়ে বেশি বাড়ছে। মূল অনুমোদিত ব্যয় ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে মূল ব্যয়ের তুলনায় ৪ হাজার ৯৯০ কোটি ৫৯ লাখ টাকা বা প্রায় ৮৯ দশমিক ৪৪ শতাংশ ব্যয় বাড়ছে। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদও বাড়িয়ে ডিসেম্বর ২০৩০ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।
রাজশাহীর ক্ষতিগ্রস্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৯৪৩ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকার প্রকল্পও সভায় রয়েছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ মেয়াদের প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করবে।
এ ছাড়া বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকা এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো ও আবাসন সুবিধা নির্মাণে ৩৭৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার প্রকল্প রয়েছে।
খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ২ হাজার ৩৩৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০৪ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
এএইচ/এএস