Dhaka Mail Logo

জাতীয়

কপ-৩১ অধিবেশনে পাটজাত পণ্যের উপকারিতা তুলে ধরবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নারী ও শিশুদের ঝুঁকি এবং পাটজাত পণ্যের উপকারিতা তুলে ধরবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘৮১তম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু কূটনীতির মাধ্যমে কীভাবে ন্যায্যতা আদায় করবে’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা একটি উইং খোলা হয়েছে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশেষভাবে কাজ করবে। এ ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেবেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তার যুক্তরাষ্ট্রে অবস্থান করার কথা রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

আগামী নভেম্বরে কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী ও শিশুরা। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যার এই অংশের সুরক্ষায় কী ধরনের করণীয় প্রয়োজন, কপ-৩১-এ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটজাত পণ্যের উপকারিতাও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও সম্ভাবনার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করবে।

এএইচ/এমআই