নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি নন নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এ বিষয়ে তার পক্ষ থেকে ‘নো কমেন্টস’। তবে আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সচিবালয়ে স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের ভোটের বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে কমিশনে গত দুই দিন ধরে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।
তিনি বলেন, এর ধারাবাহিকতায় গতকাল একটি টেন্টেটিভ (প্রাথমিক) সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক সময়সূচি।
ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হবে। শিক্ষামন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের জন্য প্রয়োজনীয় উপাত্ত হিসেবেই প্রাথমিকভাবে পাঁচ ধাপ ও দুটি রিজার্ভ ধাপের ধারণা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতির বিষয়গুলো গুছিয়ে কমিশনকে জানাতে পারেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার দৃশ্যতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’
মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।’
আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া।’ কার সঙ্গে কখন, কীভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান তিনি।
ছয় মাস ধরে নির্বাচন হলে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে-এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর এ বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এরপর কমিশন এ বিষয়ে বাড়তি তথ্য জানাবে।
এমএইচএইচ/এমআই