স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বনির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে ২১ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের-৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত সভাটি আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।
চিঠিটি যাদের বরাবর পাঠানো হয়েছে তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।
ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
অন্যদিক ইউনিয়ন পরিষদের ৭ ধাপের সম্ভাব্য ভোটের তারিখগুলো হলো-প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, ৩য় ৩০ ডিসেম্বর। ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি। ৫ম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল, ৭ম ধাপ ২৭ মে।
এমএইচএইচ/এমআর




