১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ এএম
রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। তিনি পেশায় এসি ইলেকট্রিশিয়ান ছিলেন এবং সূত্রাপুরের কুলুটোলা এলাকায় একটি এসি সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন। সেখানে তিনি বসবাসও করতেন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
নিহতের চাচা বাদল জানান, এদিন বিকেলে লক্ষ্মীবাজারের একটি ভবনে সহকর্মীকে সাথে নিয়ে এসি সার্ভিসিংয়ের কাজে যান আজিজুল। কাজ শেষে এক ছাদ থেকে অন্য ছাদে পারাপারের সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের স্পর্শে তিনি ছাদেই অচেতন হয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় আজিজুলের সহকর্মী নামাজে ছিলেন। নামাজ শেষে ফিরে এসে তিনি আজিজুলকে ছাদের ওপর পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এএম