Dhaka Mail Logo

জাতীয়

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

সরকারি জমি বরাদ্দ ও অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে অধিগ্রহণের ক্ষেত্রে জনগণের অসন্তোষ যাতে তৈরি না হয়, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় এসব নির্দেশনা দেন ভূমিমন্ত্রী। সভায় সরকারি বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের জন্য ভূমি অধিগ্রহণসংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। জনগণের যাতে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখা এবং কৃষিজমির সুরক্ষার বিষয়েও সতর্ক থাকতে হবে।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য পাওয়া চারটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচলাইশ ও পশ্চিম ষোলশহর মৌজায় ১ দশমিক ৮৪০৬৪ একর এবং চন্দনপুরা, ইমামগঞ্জ, পাথরঘাটা, বাকলিয়া ও পূর্ব ষোলশহর মৌজায় ২ দশমিক ২৮৯৮৮ একর ভূমি রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের চাতুরী-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক-মেরিন একাডেমি-ফকিরনীহাট জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন মৌজায় মোট ২১ দশমিক ৭০৮ একর ভূমির প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে জুলধা মৌজায় ১ দশমিক ৩৯০৩ একর, বাদলপুরা মৌজায় ২ দশমিক ৫৮৯০ একর, শিকলবাহা মৌজায় ৬ দশমিক ৯৭৩১ একর এবং শাহমীরপুর মৌজায় ১০ দশমিক ৭৫৫৯ একর ভূমি রয়েছে।

এ ছাড়া সুনামগঞ্জের পাইকরাটি থেকে নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ও গন্ধর্বপুর মৌজায় ০ দশমিক ০৭৫০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর মৌজায় নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের নামে ০ দশমিক ৩৭ একর ভূমি অধিগ্রহণের পূর্বানুমোদন দেওয়া হয়েছে। একই উপজেলার চর রমজান সোনাউল্লাহ মৌজায় মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের অনুকূলে ১ দশমিক ৮৬৫২ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় বিভিন্ন জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশ করা ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণের কয়েকটি প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জামালপুর সড়ক বিভাগের মাদারগঞ্জ-কয়ড়া-মনসুরনগর-কাজিপুর-আব্দুল্লাহ মোড়-ধনবাড়ী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরশালগ্রাম মৌজায় ৪ দশমিক ৯৭৭৫ একর, কুমারিয়াবাড়ী মৌজায় ১৪ দশমিক ৩৩২৫ একর এবং মাজনাবাড়ী মৌজায় ১০ দশমিক ৫৪২৫ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২১টি মৌজায় ২০ দশমিক ০১৩৬ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন মৌজায় মোট ৫৭ দশমিক ৯৩৮০ একর এবং যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলার ছয়টি মৌজায় মোট ৬ দশমিক ৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে অধিগ্রহণ করা সম্পত্তি পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ আইন, ২০১৭-এর আওতায় সম্পত্তি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এএইচ/এমআই