জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সে দেশের সরকার যখনই ফেরত পাঠাবে তখনই তাকে আইন অনুযায়ী গ্রেফতার করা হবে এবং পরে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কী বলছে, এটা বিবেচ্য বিষয় নয়।’
তিনি জানান, ‘স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রবর্তন চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও এটি দেখছে।’
মক্কা প্যাক্ট নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই প্রতিরক্ষামূলক সামরিক জোটে বাংলাদেশ যাবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কি না এবং উপকারে আসবে কি না, সেটা বিবেচনা করে মক্কা প্যাক্টে যাওয়া হবে। সেই সময় হলে পররাষ্ট্র মন্ত্রনালয় এটা নিয়ে কথা বলবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
প্রতিনিধি/এএইচ