নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন—ড. এ এন এম বজলুর রশিদ, মিজ ইয়াছমিন বেগম এবং এ কে এম বেঞ্জামিন রিয়াজী।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াছমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।
জেবি